Monday, March 30, 2026

সমর্পণ আল্লাহ যা চান তাই হয়।

 তোমরা আল্লাহর অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পারো না। সূরা আত তাকভীর, শেষ আয়াত।

সব সময় তুমি যা চাইবে তা-ই ঘটবে, এমনটা আশা কোরো না। তোমার চাওয়ার বিরুদ্ধেও অনেক কিছু ঘটবে। এমন অনেক পরিস্থিতিই তোমার সামনে আসবে, যা চাওনি তুমি। যার জন্যে কোনো প্রস্তুতি ছিল না তোমার। হঠাৎ করেই হয়তো ঝড় আঘাত হানবে তোমার মনের উঠোনে। সে ঝড় কালবোশেখীর রূপ নিয়ে তছনছ করে দেবে তিলে তিলে গড়ে তোলা স্বপ্নকে। যত্নে আগলে রাখা হৃদয়ের আকাঙ্ক্ষাগুলো মুহূর্তের মধ্যেই ভাঙা কাচের মতো টুকরো টুকরো হয়ে ঝরে পড়বে। ঝড়ো হাওয়া হয়তো উড়িয়ে নিয়ে যাবে সবকিছু তোমার সামনেই।
তুমি ভয় পেয়ো না যেন!
এই তো, আর মাত্র কটা দিন। এরপর সব ঠিক হয়ে যাবে। ফুরিয়ে যাবে মনের কষ্টগুলো। লুকিয়ে-রাখা বেদনাগুলো হারিয়ে যাবে সুদূর দূরে। আবারও পাখিরা গাইবে নীপবনে। কেতকী সুরভি ছড়াবে উঠোনে। ফুলে-ফলে পূর্ণযৌবনা হয়ে যাবে তোমার বাগান। সুমিষ্ট ঝরনা বইবে প্রাসাদের পাশ দিয়ে। তরুছায়ার বসে মনের সুখে তুমি পাপিয়ার গান শুনবে, পাতার তাসবীহ শুনবে। ওখানে তোমার কখনো মন খারাপ হবে না। না-পাওয়ার বেদনা কখনোই তাড়া করবে না। ঘূর্ণিঝড় আঘাত হানবে না তোমার উঠোনে।
ওখানে কেবল তা-ই ঘটবে, যা তুমি চাইবে। তোমার ইচ্ছের বাইরে কোনো কিছুই হবে না। মনে কোণে যা-কিছু উঁকি দিয়ে যাবে ক্ষণে ক্ষণে, তার সবটাই তুমি পাবে। কোনো কিছুর প্রতি ইচ্ছে জাগার সাথে সাথেই সেইটা হাজির করা হবে তোমার সামনে। যত আকাঙ্ক্ষা যত বাসনা, সব পূর্ণ করা হবে।
ভাই আমার!
সে পর্যন্ত নাহয় একটু ধৈর্য ধরো। কষ্টগুলো নাহয় একটু সয়ে নাও নীরবে। দুঃখগুলো রাখো-না চেপে হৃদয়ে। তোমার মনোবেদনাগুলো দয়াময়ের পরশে একদিন ঠিক হালকা হয়ে যাবে।
FEAR ALLAH@facebook


No comments:

Post a Comment